একাকী ফ্ল্যাটে জল চাওয়ার অছিলায় নারকীয় নির্যাতন, ভবানীপুরে ধৃত সহকর্মী!
বার্তা ডেস্কঃ
কলকাতার ভবানীপুর থানা এলাকায় এক পরিচারিকাকে একা পেয়ে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠল এক পরিচারকের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত অর্জুন প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ভবানীপুরের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন ওই তরুণী। বাড়ির মালিকরা বাইরে থাকায় তিনি ওই ফ্ল্যাটে একাই ছিলেন। পাশের ফ্ল্যাটে কুকুর দেখভালের কাজ করা অভিযুক্ত অর্জুন আগে থেকেই তাঁকে বিভিন্নভাবে উত্যক্ত করত। ঘটনার রাতে জল চাওয়ার অছিলায় সে কলিং বেল বাজায় এবং দরজা খুলতেই তরুণীকে ধাক্কা মেরে ভেতরে প্রবেশ করে।
অভিযোগ উঠেছে, দরজা বন্ধ করে তরুণীকে ভয় দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। সেই সময় নির্যাতিতা বাধা দিলে হাতের কাছে থাকা লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়, যার ফলে তাঁর হাত ভেঙে যায়। তরুণীর চিৎকারে অভিযুক্ত পালিয়ে গেলে তিনি প্রতিবেশীদের পুরো বিষয়টি জানান। প্রতিবেশীদের সহায়তায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় পুলিশ এবং রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত অর্জুনকে গ্রেপ্তার করে। বর্তমানে নির্যাতিতা তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ।