বিদায় কুকু কোহলি, শোকের ছায়ায় অরুণা ইরানি ও বলিউড!
বার্তা ডেস্কঃ
নয়ের দশকের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’ (IFTDA)-এর জেনারেল সেক্রেটারি কুকু কোহলি আর নেই। মঙ্গলবার বিকেলে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোক পণ্ডিত এই দুঃসংবাদটি জানান। তিনি জানান, কুকু কোহলি সম্পূর্ণ সুস্থ ছিলেন; আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই তাঁর মৃত্যু হয়।
বলিউডে অজয় দেবগনের আত্মপ্রকাশ ঘটেছিল কুকু কোহলির হাত ধরেই। ১৯৯১ সালের ব্লকবাস্টার ছবি ‘ফুল অউর কাঁটে’-র মাধ্যমে অজয়কে প্রথমবার রুপোলি পর্দায় নিয়ে আসেন তিনি। মোটরসাইকেলের ওপর অজয়ের সেই ঐতিহাসিক এন্ট্রি শট তাঁরই মস্তিষ্কপ্রসূত। এ ছাড়া ‘সুহাগ’, ‘হকীকত’, ‘আনাড়ি নম্বর ১’ এবং ‘ইয়ে দিল আশিকানা’-র মতো বহু হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন।
১৯৯০ সালে ‘জ়ুলুম কো জ়ুকানা হ্যায়’ ছবির সেটে প্রখ্যাত অভিনেত্রী অরুণা ইরানির সঙ্গে তাঁর পরিচয় ও প্রেম। পরবর্তীতে সমস্ত সামাজিক বাধা পেরিয়ে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অরুণা ইরানি স্বামীর পাশে ছিলেন। তাঁর প্রয়াণে সমগ্র বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।