ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ৬ বছরের আদিত্য, পাটনার রাজপথে প্রশ্নফাঁসের বিরুদ্ধে এক অদম্য লড়াই!
বার্তা ডেস্কঃ
বয়স মাত্র ছয় বছর, কিন্তু চোখে-মুখে অদম্য সাহস। কাঁধে ভারতের জাতীয় পতাকা আর হাতে পোস্টার নিয়ে পাটনার রাজপথে আন্দোলনের সামনের সারিতে দাঁড়িয়েছে ছোট্ট আদিত্য কুমার। বিহার পাবলিক সার্ভিস কমিশনের (BPSC TRE-4) প্রশ্নপত্র ফাঁস ও দ্রুত নিয়োগের দাবিতে ২৫ অগস্ট পাটনার ডাকবাংলো মোড়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। সেই আন্দোলনে হঠাৎই নজর কাড়ে আদিত্য। মাইক হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারির পদত্যাগ দাবি করে সে সরাসরি প্রশ্ন তোলে, “এখনই এই দুর্নীতি না থামলে ভবিষ্যতে যখন আমি পরীক্ষা দেব, তখনও প্রশ্ন ফাঁস হবে। দেশের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।”
পাটনার পুনাইচক বস্তির বাসিন্দা আদিত্যর বাবা পেশায় দিনমজুর এবং মা পরিচারিকার কাজ করেন। পারিবারিক টানাপোড়েন সত্ত্বেও পড়াশোনার প্রতি আদিত্যর অগাধ আগ্রহ। তার স্কুলের ব্যাগে সবসময় থাকে ভারতের সংবিধানের বই, যার মধ্যে ইতিমধ্যেই ৮০টি পাতা সে পড়ে ফেলেছে। বিক্ষোভের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এবং পুলিশ লাঠিচার্জ ও জলকামান প্রয়োগ শুরু করলে আদিত্যকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। নেটপাড়ায় তাকে ‘গ্রেপ্তার’ করার গুজব ছড়ালেও, পুলিশ জানায় যে নিরাপত্তাজনিত কারণেই শিশুটিকে সাময়িকভাবে থানায় এনে পরে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।