রংপুরে একই পরিবারের ৪ জন খুন, বাংলাদেশে ভয়াবহ ‘মাস কিলিং’ বাড়ছেই!
বার্তা ডেস্কঃ
গত শনিবার রংপুরের মাছুয়াপাড়ায় মাদক সেবনে আপত্তি তোলায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকসহ তাঁর পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এমন মর্মান্তিক ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। শুধু রংপুরেই নয়, গত ছয় মাসে দেশজুড়ে একই পরিবারের একাধিক সদস্যকে একসঙ্গে খুনের অন্তত ১৮টি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এসব লোমহর্ষক ঘটনায় শিশু ও নারীসহ অন্তত ৪৭ জনের প্রাণহানি হয়েছে। বিশেষ করে মে ও আগস্ট মাসে পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যেখানে মাত্র ১০টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। পুলিশ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে সারাদেশে মোট ২ হাজার ৭৬টি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
সমাজবিজ্ঞানী ও অপরাধ বিশ্লেষকদের মতে, সম্পত্তি ও জমির দীর্ঘমেয়াদি বিরোধ, পারিবারিক কলহ এবং ক্রমবর্ধমান মাদকাসক্তি এই ধরনের নৃশংসতা বৃদ্ধির প্রধান কারণ। লক্ষ্মীপুরে মায়ের সঙ্গে তিন মেয়ে এবং চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে বাবা-মা খুনের মতো ঘটনাগুলো সমাজকে নাড়িয়ে দিয়েছে। আপাতদৃষ্টিতে এসব ঘটনার ভিন্নতা দেখা গেলেও গভীরে রয়েছে সামাজিক অবক্ষয় ও হতাশা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আসামিদের দ্রুত গ্রেপ্তার করলেও অপরাধের মূল কারণ ও ঝুঁকিগুলো নির্মূল করা না গেলে সাধারণ মানুষের মনে নিরাপত্তাহীনতার বোধ আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছেন সচেতন মহল।