পুজোর মুখে বিপাকে পর্যটকরা! নেপালে হড়পা বানে আটকে বহু বাঙালি?
বার্তা ডেস্কঃ
ভয়াবহ হড়পা বান ও বন্যায় পর্যটননির্ভর দেশ নেপালে নেমে এসেছে চরম বিপর্যয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুজোর প্রাক্কালে সেখানে আটকে পড়েছেন কলকাতার অন্তত ৩২ জন পর্যটক। নুয়াকোট ও ধান্দিং জেলার বিস্তীর্ণ জনপদ এই বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকদের অন্যতম জনপ্রিয় ট্রেকিং রুট গোঁসাইকুণ্ড এবং মানস সরোবরের যাত্রাপথও এখন সম্পূর্ণ বিপর্যস্ত। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়ায় দুর্গতদের সঠিক খবর পেতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে।
এই বিপর্যয়ের সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাংলার পর্যটন শিল্পেও। পুজোর ছুটিতে নেপাল ভ্রমণের পরিকল্পনা করা বহু মানুষ এখন বুকিং বাতিলের পথে হাঁটছেন। পর্যটন সংগঠনের মতে, এই আকস্মিক দুর্যোগ কেবল নেপাল নয়, বাংলার সামগ্রিক পর্যটন অর্থনীতিতেও বড় ধাক্কা দেবে। কলকাতার নেপাল কনস্যুলেট জেনারেল দপ্তর ও নেপাল টুরিজম বোর্ডের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে এবং দুর্গতদের সহায়তার জন্য জরুরি হেল্পলাইন খোলা হয়েছে।