ফরাক্কায় হু হু করে বাড়ছে গঙ্গার জল, আতঙ্কে দিন গুনছেন বাসিন্দারা!

বার্তা ডেস্কঃ

নেপালে হড়পা বানের বিধ্বংসী প্রভাব এবার সরাসরি গিয়ে পড়ল বাংলায়। হু হু করে বাড়তে থাকা জলের তোড়ে ফরাক্কা ব্যারেজে গঙ্গার জলস্তর বিপদসীমার তিন ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর জেরে মুর্শিদাবাদের ফরাক্কা, সামসেরগঞ্জ ও ধুলিয়ানসহ নদী তীরবর্তী নিচু এলাকাগুলিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়ে প্রশাসনের তরফ থেকে লাগাতার মাইকিং করা হচ্ছে। পাশাপাশি মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীতে মাছ ধরতে নামতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

এদিকে নেপালের প্রলয়ংকারী প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সেখানে ঘুরতে যাওয়া বাংলার বহু পর্যটক যোগাযোগহীন হয়ে পড়েছেন। এর মধ্যে শুধুমাত্র তিব্বত সীমান্ত পারাপারের কথা থাকা ৩২ জন পর্যটকের এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি, যা নিয়ে তীব্র উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁদের পরিবার। এই জরুরি পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে দাঁড়াতে নবান্নের পক্ষ থেকে বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সাহায্য পেতে (০৩৩) ২৪৭৯-৩৩১১ এবং ৯১৪৭৮৯০১৮১ নম্বরে যোগাযোগ করতে পারবেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *