ডোভারম্যান পাহারা দিয়েও রক্ষা নেই! সাট্টাবাজের ডেরা থেকে উদ্ধার কোটি টাকার সোনা ও নগদ
বার্তা ডেস্কঃ
উত্তরপাড়ায় সাট্টা কারবারির বাড়িতে পুলিশি অভিযানে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বুধবার রাতে চন্দননগর পুলিশের একটি দল আধা সামরিক বাহিনী নিয়ে তিন নম্বর কাঁসারি পুকুর রোডে সঞ্জয় মজুমদার ওরফে বাপির বাড়িতে হানা দেয়। দীর্ঘক্ষণ দরজা না খোলায় তল্লাশিতে বাধা সৃষ্টি করা হয় এবং তদন্তকারীদের ওপর একটি পোষ্য ডোভারম্যান কুকুর লেলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সমস্ত বাধা অতিক্রম করে পুলিশ ভেতরে প্রবেশ করলে বাড়ির ছাদ থেকে দেড় কেজি সোনার গয়না ও সাড়ে ১২ লক্ষ টাকা নিচে ছুড়ে ফেলা হয়।
পুলিশ সেই নগদ অর্থ ও সোনার অলঙ্কার উদ্ধার করেছে, যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। এই ঘটনায় মূল অভিযুক্ত বাপির ছেলে বিশাল মজুমদার এবং ভাই সুব্রত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত সাট্টা কারবারি সঞ্জয় মজুমদার ওরফে বাপি বর্তমানে পলাতক রয়েছেন। তাঁর খোঁজে জোরালো তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকায় অবৈধ সাট্টা কারবার নিয়ন্ত্রণের অভিযোগে মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।