আকাশছোঁয়া ডিমের দাম, ইথানল নীতিই কি আসল দায়ী?
বার্তা ডেস্কঃ
সস্তায় পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত ডিমের দাম হু হু করে বাড়ায় সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। গত এক বছরে দাম প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে খুচরো বাজারে প্রতি পিস ডিম ১৪ টাকায় পৌঁছেছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই মূল্যবৃদ্ধির নেপথ্যে রয়েছে পেট্রোলে ইথানল মেশানোর সরকারি নীতি। পোলট্রি ফিড বা মুরগির খাবার তৈরির প্রধান উপাদান ভুট্টা বর্তমানে ইথানল তৈরির কারখানায় চলে যাওয়ায় ফিডের খরচ লাগাতার বাড়ছে।
ভারতের পোলট্রি শিল্পে ডিম উৎপাদনের মোট খরচের প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশই খরচ হয় খাদ্যের পেছনে। বিগত দুই বছরে ইথানল উৎপাদনে ভুট্টার ব্যবহার বহুগুণ বেড়ে যাওয়ায় পোলট্রি শিল্পের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা শুরু হয়েছে। আসন্ন শীতের মরসুমে ডিমের চাহিদা আরও বাড়লে সাধারণ মানুষের আমিষ প্রোটিন সংগ্রহের এই অন্যতম সস্তা উৎসটি আরও মহার্ঘ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।