এস-৪০০ হাতাতে ভারতে পাক গুপ্তচর, মুনিরের নয়া ছক কি সফল হবে?
বার্তা ডেস্কঃ
অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের সর্বাধুনিক ‘এস-৪০০’ বা ‘সুদর্শন’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঠিক অবস্থান জানতে উঠেপড়ে লেগেছিল পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরের বাহিনী। যুদ্ধ চলাকালীন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বলয়ে স্লিপার সেল ও গুপ্তচরদের সক্রিয় করার পাশাপাশি ভিনদেশি স্যাটেলাইটের সাহায্যও নেওয়া হয়। সর্বোত্তম যুদ্ধ সেবা মেডেল প্রাপ্ত প্রাক্তন এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি জানান, শত্রুপক্ষ সুদর্শনের নাগাল পেতে কোনো ত্রুটি রাখেনি, কিন্তু আকাশে উঠলেই পাকিস্তানি যুদ্ধবিমানগুলোকে এই প্রতিরক্ষামূলক ব্যবস্থার মুখে পড়তে হয়েছে।
সংঘাতের তীব্রতা বাড়লে ভারতীয় বায়ুসেনা সুনির্দিষ্ট কৌশলে পাকিস্তানের গ্রাউন্ড রাডার ও কমান্ড সেন্টারগুলো গুঁড়িয়ে দেয়। পরবর্তীতে আকাশে নজরদারির একমাত্র ভরসা থাকা পাকিস্তানের একটি এডব্লিউএসিএস (AWACS) বিমান ৩১৪ কিলোমিটার দূর থেকে মাটি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করা হয়, যা সামরিক ইতিহাসে একটি রেকর্ড। পহেলগাঁওতে পর্যটক হত্যার জেরে ভারত ৭ মে কঠোর সামরিক পদক্ষেপ করলে পাকিস্তান পাল্টা আক্রমণ চালায়। তবে ভারতীয় সেনার নিখুঁত ও বিধ্বংসী অভিযানের মুখে টিকতে না পেরে শেষ পর্যন্ত ১০ মে পাকিস্তানের তরফেই যুদ্ধবিরতির আবেদন জানানো হয়।