তলিয়ে যাওয়ার আতঙ্কে প্রহর গুনছে শিশুশিক্ষা কেন্দ্র!

বার্তা ডেস্কঃ

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের উত্তর চাচন্ড শিশু শিক্ষা কেন্দ্রটি এখন মারাত্মক ঝুঁকির মুখে। গঙ্গা থেকে মাত্র এক থেকে দুই ফুট দূরে অবস্থিত এই স্কুল ভবনটি যে কোনো মুহূর্তে নদীর গর্ভে তলিয়ে যেতে পারে। প্রতি বছরই ভাঙনের জেরে বিপর্যস্ত হয় ওই এলাকার জনজীবন। বর্তমানে নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি থাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ১১০ জন শিশুর ভবিষ্যৎ ও সুরক্ষা নিশ্চিত করতে স্কুল ভবন থেকে পঠনপাঠন সরিয়ে নেওয়া হয়েছে এবং আপাতত স্থানীয় এক শিক্ষিকার বাড়িতেই চলছে ক্লাস ও মিড-ডে মিলের ব্যবস্থা।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার এবং দ্রুত নিরাপদ স্থানে স্থায়ী পঠনপাঠনের ব্যবস্থা করা হচ্ছে। তবে অস্থায়ী এই ব্যবস্থায় পড়াশোনা ও মিড-ডে মিল অনিয়মিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কিছু অভিভাবক। দ্রুত স্থায়ী স্কুল ভবন চালুর দাবি জানিয়েছেন তারা। বিপদের মুখে দাঁড়িয়েও পড়াশোনা চালু রাখার এই প্রচেষ্টায় স্থানীয় শিক্ষিকা ও প্রশাসনের ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, খুদে পড়ুয়াদের সুরক্ষিত ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগ কাটছে না এলাকাবাসীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *