সব হারিয়ে আজ শূন্য হাতে কেন এই প্রাক্তন ধনকুবের!

বার্তা ডেস্কঃ

২২ হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলায় এসেল গ্রুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্রের স্বস্তি পাওয়ার পরই শুরু হয়েছে তীব্র সমালোচনা। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, তাঁর গ্রুপটির প্রায় ৪৫ হাজার কোটি টাকার ঋণের মধ্যে প্রায় ৪৩ হাজার কোটি টাকাই পরিশোধ করা হয়েছে। এই বিশাল অঙ্কের পাওনা মেটাতে তাঁকে ও তাঁর পরিবারকে নিজেদের সমস্ত পারিবারিক সম্পদ ও শেষ পর্যন্ত নিজেদের বাসভবনটিও বিক্রি করতে হয়েছে। তাঁর দাবি, এই বিপুল ঋণ সম্পূর্ণ পরিশোধ করার পর বর্তমানে তাঁর হাতে রয়েছে মাত্র সাড়ে ৬ কোটি টাকা এবং একটিমাত্র ছোট আবাসিক সম্পত্তি, যার একাংশ ভাড়ায় চালিত।

অন্যদিকে, এনসিএলটি-তে তাঁর বিরুদ্ধে চলা ২২ হাজার কোটিরও বেশি টাকার দাবির অঙ্কটিকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন সুভাষ চন্দ্র। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই পরিমাণ অর্থ তাঁর ব্যক্তিগত ঋণ নয়, বরং তা তাঁর গ্রুপের অন্তর্ভুক্ত সংস্থাগুলির নেওয়া ঋণের বিপরীতে দেওয়া ব্যক্তিগত গ্যারান্টি মাত্র। ২০১৯ সালের জানুয়ারি মাসে প্রথম আর্থিক সংকট প্রকাশ্যে আসার পর থেকেই তিনি সমস্ত পাওনা পরিশোধের চেষ্টা চালিয়ে গেছেন বলে জানান। দেশীয় মিডিয়া জগতের এই প্রথম সারির ব্যক্তিত্বের আকস্মিক এই পতনের কাহিনি এখন গোটা ব্যবসায়িক মহলে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *