আধার কার্ডে ৩ লক্ষ টাকা ঋণ! সরকারি প্রকল্পের নামে ভাইরাল খবরের সত্যিটা কী?
বার্তা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিয়ো ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ‘প্রধানমন্ত্রী লোন যোজনা’র আওতায় আধার কার্ড জমা দিলেই প্রত্যেক নাগরিককে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। এই ধরনের আকর্ষণীয় অফার দেখে অনেকেই তা সত্যি বলে বিশ্বাস করছেন এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করে ফেলছেন। তবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া এই বিভ্রান্তি দূর করতে আসরে নেমেছে কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি (PIB)।
পিআইবি ফ্যাক্ট চেকের পক্ষ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই ভাইরাল ভিডিয়োটি শেয়ার করে জানানো হয়েছে যে, এই দাবি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। কেন্দ্রীয় সরকারের তরফে এমন কোনও ‘প্রধানমন্ত্রী লোন যোজনা’ চালু করা হয়নি, যার মাধ্যমে আধার কার্ডের ভিত্তিতে সরাসরি তিন লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। এ ধরনের প্রতারণামূলক বার্তা থেকে সতর্ক থাকার এবং যাচাই না করে কোনও ব্যক্তিগত তথ্য বা নথি কোথাও শেয়ার না করার পরামর্শ দিয়েছে প্রশাসন। যে কোনো সরকারি প্রকল্পের সত্যতা যাচাই করতে সবসময় অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য সরকারি সূত্র ব্যবহারের অনুরোধ করা হয়েছে।