২৫ লাখ টাকা হাতিয়ে উধাও, শেষমেশ ধরা পড়লেন সেই ‘নিখোঁজ’ স্বর্ণ ব্যবসায়ী!

বার্তা ডেস্কঃ

বাংলাদেশে রংপুর হত্যাকাণ্ড নিয়ে চড়ে যাওয়া উত্তেজনার মধ্যেই চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তাঁর পরিবারের রহস্যজনক ‘নিখোঁজ’ হওয়া নিয়ে নানামুখী জল্পনা তৈরি হয়েছিল। একাংশের ধারণা ছিল, খুনের হুমকি পেয়ে তিনি পরিবারসহ ভারতে আশ্রয় নিয়েছেন; আবার কেউ কেউ অপহরণের আশঙ্কাও করেছিলেন। তবে সব গুঞ্জনে জল ঢেলে অবশেষে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে পালানো তো দূরের কথা—চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে পিন্টু দাস, তাঁর স্ত্রী এবং দুই পুত্রকে। তবে আত্মগোপনের নেপথ্যে রয়েছে প্রতারণার অভিযোগ। চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা রাসেল খান পিন্টুর বিরুদ্ধে প্রায় ২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে থানায় লিখিত নালিশ জানান। পুলিশি জেরায় অভিযুক্ত ব্যবসায়ী প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।

জানা গেছে, পিন্টু দাস মূলত সোনা বন্ধক রেখে টাকা ধারের ব্যবসা করতেন। সম্প্রতি বেশ কয়েকজন গ্রাহকের সোনা ফেরত দিতে না পারায় তিনি চাপের মুখে পড়েন ও হুমকির সম্মুখীন হন। সেখান থেকে বাঁচতেই তিনি আত্মগোপন করেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ লুৎফর রহমান জানান, পিন্টু দাসের বিরুদ্ধে প্রতারণার সুনির্দিষ্ট মামলা থাকলেও তাঁর স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় উদ্ধারকাজে শেষে তাঁদের আত্মীয়দের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, শনিবার দুপুরে পিন্টু দাসকে চাঁদপুর আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *