দুর্গাপুরে সমবায় ব্যাঙ্কে চল্লিশ কোটির বেনজির দুর্নীতি, এবার কী হবে?

বার্তা ডেস্কঃ

তৃণমূল জমানায় দুর্গাপুর ইস্পাত কারখানার পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কে প্রায় চল্লিশ কোটি টাকার বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। শনিবার দুর্গাপুরে এসে এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। তাঁর দাবি, সুদ-সহ অনাদায়ী ঋণের পরিমাণ প্রায় চল্লিশ কোটি ষাট লক্ষ টাকা ছাড়িয়েছে। ভুয়ো বা অসঙ্গত নথি ব্যবহার করে এবং একই ব্যক্তি বা সংস্থাকে একাধিকবার এই ঋণ দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এমন একুশটি সন্দেহজনক ঋণ চিহ্নিত করা হয়েছে। ঋণ অনুমোদনের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখতে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত আধিকারিক অবসরপ্রাপ্ত বা অন্যত্র বদলি হয়ে থাকলেও তদন্তের আওতা থেকে বাদ যাবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে।

সাধারণ মানুষের কষ্টের আমানত উদ্ধারে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঙ্কার দিয়েছেন মন্ত্রী। ঋণের টাকা না মেটালে আইনি প্রক্রিয়ায় জেল থেকে শুরু করে সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কড়া পদক্ষেপ করা হবে। এছাড়া দীর্ঘকাল ধরে ঋণ দফতরে একই ব্যক্তির কর্মরত থাকার বিষয়টিও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। এদিন দুর্গাপুরের মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্কেও অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। সিটি সেন্টারে একটি নতুন এটিএম উদ্বোধনের সময় সমবায় মন্ত্রী সাফ জানিয়েছেন, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এই অনুষ্ঠানে স্থানীয় বিধায়করা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *