প্রশ্ন করা কি অপরাধ? আইন বিশ্ববিদ্যালয়ে বিচারপতির কড়া বার্তা!

বার্তা ডেস্কঃ

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীন মতামত প্রকাশ এবং প্রশ্ন করার অধিকার সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি—রবিবার দিল্লির ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির (NLU) ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই স্পষ্ট বার্তা দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়াঁ। তিনি সাফ জানান, কোন ছাত্রছাত্রী প্রচলিত মতের বাইরে গিয়ে প্রশ্ন তুললে বা ভিন্ন মত পোষণ করলে তাঁকে শাস্তির আওতায় আনা কেবল অনুচিতই নয়, এটি ক্ষমতার অপব্যবহার এবং সম্পূর্ণ অসাংবিধানিক।

বিচারপতি ভুইয়াঁ তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তা ও যুক্তিনির্ভর আলোচনার জায়গা। প্রতিষ্ঠিত কোনো ধারণাকে প্রশ্ন করা কিংবা যুক্তি দিয়ে তার বিরোধিতা করা সুস্থ গণতন্ত্রের পরিচায়ক। সহমত না হলেও সেই অমিল যেন কখনো শত্রুতায় রূপ না নেয়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন।

ভগবান বুদ্ধ ও মহাত্মা গান্ধীর দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই মাটিতে অসহিষ্ণুতার কোনো স্থান নেই। ভিন্নমতকে দমন করার চেষ্টা করা হলে সংবিধানের মূল ভিত্তিটাই দুর্বল হয়ে পড়ে। একটি উদার ও গণতান্ত্রিক দেশে নানা কণ্ঠস্বরের সহাবস্থানই তার আসল পরিচয়। আর এই বাক্‌স্বাধীনতার চর্চা সর্বপ্রথমে শিক্ষাঙ্গন থেকেই শুরু হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *