টাকা না পেলে সরাসরি কোথায় যোগাযোগ করবেন? মন্ত্রীর বড় ঘোষণা!
বার্তা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনার টাকা যাঁরা এখনও পর্যন্ত পাননি, তাঁদের দ্রুত শিলিগুড়ির হিলকার্ট রোডে অবস্থিত বিধায়ক দপ্তরে সমস্ত তথ্য জমা দেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। রবিবার কলকাতা যাওয়ার পথে সোশাল মিডিয়ায় লাইভ করে তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকারীদের নাম নথিভুক্ত করে সেই তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। মূলত শহরের একটি বড় অংশের মহিলারা এই অনুদান থেকে বঞ্চিত হওয়ায় এবং বিভিন্ন দপ্তরে বিক্ষোভ দেখানোর পরেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী আরও স্পষ্ট করে জানান যে ভয়ের বা ঘাবড়ানোর কোনো কারণ নেই, প্রযুক্তিগত বা অন্য কোনো সমস্যার কারণে হয়তো কিছু নাম বাদ পড়েছে। ইতিমধ্যেই প্রায় পঁয়ত্রিশ হাজার মহিলা এই সুবিধা পেলেও বাকিদের বঞ্চিত না রেখে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে যাঁদের বাড়িতে স্টিকার সাঁটানোর কাজ চলছে, তাঁদের স্থানীয় প্রশাসনকে যথোপযুক্ত সহযোগিতা করারও আহ্বান জানান শংকর ঘোষ।