আমার নাম ভাঙিয়ে তোলাবাজি! বিধায়কের হুঁশিয়ারিতে তোলপাড় রাজ্য!
বার্তা ডেস্কঃ
September 1, 202610:33 am
জলহাটিতে এক জনসভার মঞ্চ থেকে কড়া ভাষায় তোলাবাজি ও থ্রেট কালচারের বিরুদ্ধে হুঙ্কার দিলেন বিধায়ক রত্না দেবনাথ। তাঁর নাম ব্যবহার করে কেউ বেআইনিভাবে অর্থ আদায় করতে এলে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। বিধায়ক স্পষ্ট নির্দেশ দেন, যাঁরা টাকা তুলতে আসবেন, তাঁদের ছবি মোবাইলবন্দি করে রাখতে হবে এবং তাঁর স্বাক্ষর বা অফিশিয়াল এমএলএ প্যাড দেখতে চাইতে হবে। ভয় না পেয়ে সাধারণ মানুষকে সাহসের সঙ্গে আইনি পথে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে জেলবন্দি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর পুত্রকে নিয়েও তীব্র আক্রমণ শানান রত্নাদেবী। তিনি বলেন, এলাকায় যেন কোনও ধরনের থ্রেট কালচার মাথাচাড়া না দেয়, সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে। নির্মল ঘোষের প্রসঙ্গ টেনে তিনি আরও জানান, ক্ষমতার লোভে অন্ধ হয়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। তবে এসবের তোয়াক্কা না করে দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে রাজ্যজুড়ে জিরো টলারেন্স নীতি বজায় রেখেই দল ও প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে বলে বার্তা দেন তিনি।