মমতাকে বিঁধে শুভেন্দুর হুঙ্কার: বাকিরা সব ল্যাম্পপোস্ট!
বার্তা ডেস্কঃ
রাজ্যে তৃণমূলের গত ১৫ বছরের শাসনে সমবায় সমিতিগুলি চরম অবহেলার শিকার হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ‘মহিলা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড’-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। শুভেন্দুর মতে, সমবায় হল বিকল্প অর্থনীতির মূল ভিত্তি এবং এটি মহিলা ক্ষমতায়নের অন্যতম প্রধান হাতিয়ার।
তিনি জানান, রাজ্যের প্রায় ৬ হাজার সমবায় সমিতির মধ্যে ২ হাজারই বর্তমানে নিষ্ক্রিয়। অতীত সরকারের প্রসঙ্গ টেনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, “তখন সকলে ল্যাম্পপোস্টের মতো ছিল, পোস্ট তো একটাই।” তিনি আরও কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী নাকি ভাবতেন তিনি সব জানেন, কিন্তু বাস্তবে শেখার কোনো শেষ নেই।
সংস্থার ২৩ হাজার মহিলা সদস্যের ভূয়সী প্রশংসা করে শুভেন্দু আশা প্রকাশ করেন, স্বামী বিবেকানন্দের ‘চরৈবেতি’ মন্ত্রকে পাথেয় করে এই সমিতি আগামীতে আরও বড় আকার ধারণ করবে। প্রয়াত প্রাক্তন সমবায় মন্ত্রী সরল দেবের অবদানের কথা স্মরণ করার পাশাপাশি তিনি জেলা জুড়ে এই সমবায় আন্দোলনের প্রসারের আহ্বান জানান। অনুষ্ঠানে রাজ্য খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং জেলাশাসক শিল্পা গৌরীসারিয়াও উপস্থিত ছিলেন।