দার্জিলিংয়ে আসছে নতুন তুষার চিতা, বিপন্ন প্রজাতি কি তবে রক্ষা পাবে?
বার্তা ডেস্কঃ
দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে তুষার চিতাদের (Snow Leopard) বংশরক্ষায় দেখা দিয়েছে তীব্র ‘ইনব্রিডিং’ বা বংশগত রক্তের সংকটের আশঙ্কা। বর্তমানে তোপকেদাড়ার প্রজনন কেন্দ্রে থাকা ১৩টি তুষার চিতার সিংহভাগই একই বংশের হওয়ায় প্রজন্ম ধরে প্রজননের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস ও জিনগত বিকৃতির মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।
এই জিনগত বৈচিত্র (Genetic Diversity) ফিরিয়ে আনতে পশ্চিমবঙ্গের অরণ্য ভবন জাপানের ‘তামা জু’-এর সঙ্গে একটি প্রাণী বিনিময় চুক্তির উদ্যোগ নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, জাপান থেকে একটি মহিলা তুষার চিতা দার্জিলিংয়ে আনা হবে এবং বিনিময়ে দার্জিলিং থেকেও একটি মহিলা তুষার চিতা জাপানে পাঠানো হবে। প্রশাসনিক অনুমোদনের প্রক্রিয়া শেষ হলে, এই জাজল রক্তের সংযোজন শৈলশহরের ঐতিহ্যবাহী তুষার চিতাদের আগামী দিনের বড়সড় জিনগত বিপদ থেকে রক্ষা করবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।