ত্রিপল পেতেও ঘুষ! গঙ্গার ভাঙনে সর্বস্বান্তদের থেকে টাকা আদায়ের ভিডিও ভাইরাল
বার্তা ডেস্কঃ
মালদহ: নদীভাঙনে সর্বস্ব হারিয়েছেন মানুষ, আর সেই অসহায়তার সুযোগ নিয়েই সরকারি ত্রাণের ত্রিপল টাকার বিনিময়ে বিলি করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল মালদহের মানিকচক ব্লকের ভুতনি থানার হীরানন্দপুর গ্রাম পঞ্চায়তে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গার ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অস্থায়ী আশ্রয়ের জন্য প্রশাসনের তরফে বিনামূল্যে ত্রিপল দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু অভিযোগ, হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্যা সবিতা মাহাতোর স্বামী নিমাই মাহাতো সেই সরকারি ত্রিপল নিজ বাড়িতে মজুত রেখে ৫০ থেকে ১০০ টাকার বিনিময়ে বিক্রি করছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খাতায় নাম নথিভুক্ত করার সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির থেকে টাকা নেওয়া হচ্ছে। বাবলু মণ্ডল ও দিলু মণ্ডলের মতো নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের দাবি, সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটানো সত্ত্বেও বিনামূল্যে পাওয়ার যোগ্য এই ত্রিপল তাঁদের টাকা দিয়ে কিনতে হচ্ছে।
ভিডিওটি প্রকাশ পেতেই মানিকচকে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে নির্দল সদস্যার স্বামী নিমাই মাহাতোর দাবি, চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছে এবং তিনি নিয়ম মেনেই ত্রিপল বিলি করছিলেন।
ঘটনাটি নজরে আসতেই কড়া অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট মানিকচকের বিডিও-কে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীর বিরুদ্ধে নিকটস্থ থানায় লিখিত অভিযোগ দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।