রায়গঞ্জ মেডিকেলে সাপ আতঙ্ক, কামড় খেলেন খোদ নিরাপত্তারক্ষী!

বার্তা ডেস্কঃ

রায়গঞ্জ: হাসপাতালের শিশুবিভাগে হঠাৎ করেই দেখা মিলল আস্ত এক সাপের! আর তা কেন্দ্র করে সোমবার চরম আতঙ্ক ও হুড়োহুড়ি ছড়িয়ে পড়ল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রায় দেড় ফুট লম্বা সাপটিকে শিশু ওয়ার্ডের ভেতর ছোটাছুটি করতে দেখে আতঙ্কে শিহরে ওঠেন চিকিৎসাধীন শিশুদের মায়েরা ও ডিউটিতে থাকা নার্সদের একাংশ। অনেকেই কোলের শিশুদের আঁকড়ে ধরে দ্রুত ওয়ার্ডের বাইরে বের হয়ে আসেন।

পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন সুবীর মণ্ডল নামে হাসপাতালের এক নিরাপত্তারক্ষী। তিনি সাপটিকে ধরার চেষ্টা করতেই সাপটি তাঁর বাঁ হাতের আঙুলে সজোরে ছোবল মারে। আহত নিরাপত্তারক্ষীকে তড়িঘড়ি মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

পরবর্তীকালে খবর দেওয়া হয় রায়গঞ্জের একটি পশুপ্রেমী সংস্থাকে। সংস্থার প্রতিনিধিরা এসে দ্রুত সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। পশুপ্রেমী সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া জানান, “উদ্ধার হওয়া সাপটি মূলত ‘বেত আছড়া’ প্রজাতির। এটি বিষহীন হওয়ায় বড়সড় কোনো বিপদ ঘটেনি। তবে প্রশিক্ষণ ছাড়া এমন ঝুঁকি নিয়ে সাপ ধরা মোটেই উচিত নয়।”

হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় শিশুবিভাগে সাপ ঢুকে পড়ার ঘটনায় যেমন ছড়িয়েছে চরম আতঙ্ক, তেমনই হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তা ও নজরদারি নিয়ে উঠেছে বড় প্রশ্ন। এক রোগীর আত্মীয় ক্ষোভ প্রকাশ করে বলেন, “হঠাৎ দেখি ওয়ার্ডের ভেতর সাপ ঘুরে বেড়াচ্ছে! ভয়ে আমরা বাচ্চাদের নিয়ে বাইরে পালিয়ে আসি।”

পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায়। তিনি জানান, সাপের উপস্থিতির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সাপটি ঠিক কোথা থেকে ও কীভাবে ওয়ার্ডে প্রবেশ করল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *