সিন্ধু জল চুক্তি নিয়ে মোদী সরকারের বড় সিদ্ধান্ত!
বার্তা ডেস্কঃ
পহেলগাঁও জঙ্গি হামলার জেরে পাকিস্তানের সঙ্গে স্থগিত রাখা সিন্ধু জলবণ্টন চুক্তি বহাল রাখার বিষয়ে বিশ্বব্যাঙ্ক গঠিত তথাকথিত ‘কোর্ট অফ আরবিট্রেশন’-এর রায় ও নির্দেশিকা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, অবৈধভাবে গঠিত ওই সালিশি প্যানেলের আইনি কোনো অস্তিত্ব বা এক্তিয়ার নয়াদিল্লি কখনোই স্বীকার করে না। ভারতের সার্বভৌম সিদ্ধান্ত এবং দেশের পরিকাঠামো প্রকল্পগুলির ওপর এই সংস্থার কোনো ধরনের প্রভাব খাটানোর অধিকার নেই বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
গত বছর এপ্রিল মাসে পহেলগাঁওয়ে হওয়া মর্মান্তিক জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল ভারত। কিন্তু সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে বিশ্বব্যাঙ্কের ওই আদালত চুক্তিটি ফের কার্যকর করার এবং জম্মু ও কাশ্মীরের একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ সীমিত রাখার চাপ সৃষ্টি করে। শুরু থেকেই এই প্যানেল গঠনকে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে এসেছে মোদী সরকার। পাকিস্তানের সমস্ত হুমকি এবং আন্তর্জাতিক স্তরের এই চাপকে পাত্তা না দিয়ে ভারত তার আগের অবস্থানেই অনড় রয়েছে। বিদেশমন্ত্রকের দ্ব্যর্থহীন ঘোষণা, বর্তমান বা ভবিষ্যতে এই অবৈধ সংস্থার কোনো রায়ই ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া কোনো পদক্ষেপের ওপর প্রভাব ফেলতে পারবে না।