সইফ-সালমানকে সরিয়ে ‘রেস ৪’-এ আমির! জল্পনার জবাব দিলেন প্রযোজক রমেশ তৌরানি!
বার্তা ডেস্কঃ
বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে যে, সইফ আলি খান ও সালমান খানকে বাদ দিয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘রেস ৪’-এর মূল চরিত্রে অভিনয় করছেন আমির খান। অভিনেতার সাম্প্রতিক বক্স অফিস ব্যর্থতার খতিয়ান তুলে ধরে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। এই গুঞ্জনের জেরে দর্শকমহলের একাংশ প্রশ্ন তোলে, সাইফ-অক্ষয়দের পরিবর্তে মিস্টার পারফেকশনিস্ট কি আদৌ এই ফ্র্যাঞ্চাইজির জন্য উপযুক্ত? জল্পনার পালে হাওয়া লাগতেই নড়েচড়ে বসেন নির্মাতারা।
পরিস্থিতি সামাল দিতে আসরে নেমে প্রযোজক রমেশ তৌরানি সমস্ত জল্পনা খারিজ করে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, ছবির কাস্টিং এখনও চূড়ান্ত করা হয়নি এবং এই বিষয়ে ছড়ানো সমস্ত খবরই বিভ্রান্তিকর। পাশাপাশি, প্রথম ছবির মৃত চরিত্র নিয়ে অক্ষয় খান্নার ফেরার যে গুঞ্জন শোনা গিয়েছিল, তাও সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রযোজক। সঠিক সময়ে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে কাস্টিং জানানো হবে বলে তিনি জানান।