রাহুলের ‘সুমতি’ ফেরাতে মন্দিরে বিজেপির বুদ্ধি-শুদ্ধি যজ্ঞ, ভাইরাল ভিডিও!
বার্তা ডেস্কঃ
উত্তরাখণ্ডের দেরাদুনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ‘সুবুদ্ধি’ ও জ্ঞান ফেরানোর কামনায় একটি বিশেষ যজ্ঞের আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি। গত মঙ্গলবার দেরাদুনের একটি মন্দিরে বিজেপির তফসিলি জাতি মোর্চার উদ্যোগে এই ‘বুদ্ধি-শুদ্ধি যজ্ঞ’ অনুষ্ঠিত হয়, যেখানে রাহুলের ছবি সামনে রেখে প্রার্থনা করতে দেখা যায় দলীয় নেতাদের। সম্প্রতি রামলীলা ময়দানের শুদ্ধিকরণ বিতর্ক এবং লোকসভার বিরোধী দলনেতার মন্তব্যের পর রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নেটদুনিয়ায় এই যজ্ঞের ভিডিওটি ইতিমধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
ঘটনার সূত্রপাত গত আগস্ট মাসে হলদিওয়ানির রামলীলা ময়দানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের একটি সভাকে কেন্দ্র করে। সভার পর একটি হিন্দুত্ববাদী সংগঠন ওই ময়দানে শুদ্ধিকরণ করায় কংগ্রেস তীব্র প্রতিবাদ জানায় এবং একে দলিত অবমাননা বলে তোপ দাগে। পরবর্তী সময়ে রাহুল গান্ধীও এই ঘটনায় বিজেপি ও আরএসএসকে কড়া ভাষায় আক্রমণ করেন। এর পালটা হিসেবেই এই যজ্ঞের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। গোটা বিষয়টিকে সমর্থন করে উত্তরাখণ্ডের বিজেপি সরকারের মন্ত্রী ভগবৎ মাকওয়ানা জানিয়েছেন, রাহুল গান্ধীর মিথ্যা প্রচার বন্ধ করতেই এই প্রার্থনা। এই বিষয়ে কংগ্রেস শিবিরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।