কলকাতায় ফিরছে মেলবোর্নের ঐতিহ্য! পরিবহণমন্ত্রীর বড় ঘোষণায় শোরগোল
বার্তা ডেস্কঃ
কলকাতার পরিবহণ পরিকাঠামোর আধুনিকীকরণ এবং শহরে ট্রাম পরিষেবা ফেরাতে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার পরিবহণ ভবনে কলকাতার অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী জানান, ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা ফিরিয়ে আনতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে এবং এই বিষয়ে কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘রাইটস’ ইতিমধ্যেই সমীক্ষার কাজ চালাচ্ছে। ট্রামকে আরও আধুনিক ও কার্যকর করে তোলার পাশাপাশি পরিবহণ ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন নিয়ে দুপক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা রাজ্যের পরিবহণ উন্নয়নে কাজে লাগাতে আগ্রহী রাজ্য সরকার। বৈঠকে কলকাতার পরিকাঠামো উন্নয়নে অস্ট্রেলীয় সংস্থাগুলির অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী নির্দিষ্ট সরকারি নিয়ম ও প্রক্রিয়া মেনে সে দেশের সংস্থাকে টেন্ডারে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন। মেলবোর্নের জনপ্রিয় ট্রাম ব্যবস্থার আদলে কলকাতার ট্রাম ফের সগৌরবে ফিরবে কি না, এখন সেটাই দেখার।