বিপর্যয়ে নেপালের পাশে ভারত, প্রাণহানি ছাড়াল হাজার!
বার্তা ডেস্কঃ
September 3, 202610:33 am
হড়পা বানে বিপর্যস্ত নেপালে উদ্ধার ও ত্রাণকাজে সর্বশক্তি দিয়ে পাশে দাঁড়িয়েছে ভারত। সাড়ে পাঁচ টন জীবনদায়ী ওষুধ এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এগারো সদস্যের উদ্ধারকারী দল নিয়ে কাঠমান্ডুর উদ্দেশ্যে উড়ে গেছে ভারতীয় বায়ুসেনার পঞ্চম এয়ারক্রাফ্ট। ইতিমধ্যে নেপাল সেনার হাতে এই ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, ইন্দো-নেপাল সীমান্তে উদ্ধারকাজে যুদ্ধকালীন তৎপরতায় সহযোগিতার জন্য সশস্ত্র সীমা বল বা এসএসবি-র ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গত ২৬ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ভয়াবহ হড়পা বানে নেপালে মৃত বেড়ে এক হাজার তিন জনে দাঁড়িয়েছে এবং এখনও চার হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ভারতীয় দূতাবাস থেকে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে। এদিকে, নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের মতে, উষ্ণায়নের জেরে দেশটিতে বিপর্যয়ের ঝুঁকি ক্রমবর্ধমান, যা নিয়ে পূর্বে সতর্কবার্তা দিয়েছিল রাষ্ট্রপুঞ্জও।