বলিউডের লিঙ্গবৈষম্য নিয়ে বিস্ফোরক তাপসী, ছেলেদের সব ভুলই কি ক্ষমাযোগ্য?
বার্তা ডেস্কঃ
September 3, 202610:33 am
বলিউড ইন্ডাস্ট্রির দ্বিমুখী নীতি ও বাজেটের বৈষম্য নিয়ে ফের মুখ খুললেন অভিনেত্রী তাপসী পান্নু। তাঁর নতুন অ্যাকশনধর্মী ছবি ‘গান্ধারী’ মুক্তির প্রাক্কালে তিনি অভিযোগ করেন, পুরুষ প্রধান ছবিগুলিতে দুর্বল গল্প থাকলেও দর্শক তা সানন্দে গ্রহণ করেন। অথচ পর্দায় নারীরা অ্যাকশন করতে নামলেই সমালোচকদের আতশকাচ এবং দর্শকের কঠোর বিচারের মুখোমুখি হতে হয়। তাপসীর মতে, নারীকেন্দ্রিক ছবির ক্ষেত্রে প্রযোজকরা পর্যাপ্ত বাজেট বরাদ্দ করতে ভয় পান, কারণ বক্স অফিসে এই ছবিগুলির ব্যবসায়ের নিশ্চয়তা নিয়ে সন্দেহ থাকে। ফলে অভিনেত্রীদের কাজের ক্ষেত্রে সামান্য ভুলেরও কোনো অবকাশ থাকে না।
প্রেক্ষাগৃহের এই বাণিজ্যিক চাপ এড়াতেই ওটিটি প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন নির্মাতারা। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘গান্ধারী’। তাপসী ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইশওয়াক সিং, ছায়া কদম, মিতা বশিষ্ট এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট তারকারা। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ায় থিয়েটারের মতো বক্স অফিস আয়ের দুশ্চিন্তা থাকছে না বলে স্বস্তি প্রকাশ করেছেন অভিনেত্রী।