২৪ ঘণ্টার ম্যাজিক! বিরোধী বিধায়কের আবেদনে তড়িঘড়ি বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী
বার্তা ডেস্কঃ
September 3, 202611:33 am
কলকাতায় সরকারি হাসপাতালের চিকিৎসা বিভ্রাটের শিকার এক রোগীর চিকিৎসায় সহায়তার হাত বাড়াল রাজ্য সরকার। এনআরএস হাসপাতালে গল ব্লাডারে স্টোনের পরিবর্তে ভুল অপারেশনের অভিযোগ ওঠার পর, বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের অনুরোধে ২৪ ঘণ্টার মধ্যেই সাড়া দিল মুখ্যমন্ত্রীর দফতর। মঙ্গলবার রাজ্যের প্রশাসনিক প্রধানের পক্ষ থেকে ওই রোগীর চিকিৎসার সমস্ত খরচ বহনের আশ্বাস দেওয়া হয়েছে। পেশায় ১০০ দিনের কাজের শ্রমিক গোপাল পোড়েল বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সূত্রপাত কলকাতার এনআরএস হাসপাতালে, যেখানে বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল পোড়েলের গল ব্লাডারে স্টোনের অপারেশন করার কথা থাকলেও ভুলবশত অ্যাপেনডিক্স অপারেশন করা হয় বলে গুরুতর অভিযোগ ওঠে। এর জেরে রোগীর শারীরিক জটিলতা বৃদ্ধি পেলে বিধায়ক কুণাল ঘোষের উদ্যোগে তাঁকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই সফলভাবে গল ব্লাডারের অপারেশন সম্পন্ন হয়। রোগীর পরিবারের আর্থিক অনটনের কথা বিবেচনা করে, কুণাল ঘোষ গত সোমবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ সাহায্যের আবেদন জানিয়ে নবান্নে চিঠি পাঠান। দ্রুত এই আবেদনে সাড়া দিয়ে নবান্ন থেকে সাহায্যের আশ্বাস আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রোগীর পরিবার।