স্কুল পেরোলেই বাবা-মায়ের ফোনে অ্যালার্ট, তাক লাগানো উদ্যোগ নদিয়ার এই স্কুলের!
বার্তা ডেস্কঃ
September 3, 202611:33 am
বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে নদিয়ার শান্তিপুরের কানাইবঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার চালু করা হলো ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ও পেরেন্ট কমিউনিকেশন সিস্টেম। এই প্রকল্পের আওতায় প্রতিটি ছাত্র-ছাত্রীকে দেওয়া হচ্ছে বিশেষ ডিজিটাল স্মার্ট আইকার্ড। এই কার্ড স্ক্যান করে শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করা মাত্র অথবা স্কুল ছুটির পর বের হওয়ার সঙ্গে সঙ্গেই সেই নোটিফিকেশন সরাসরি পৌঁছে যাবে অভিভাবকদের মোবাইল ফোনে, যা ছাত্র-ছাত্রীদের সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শুধু নিরাপত্তাই নয়, এই অ্যাপের মাধ্যমেই হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট এবং রিপোর্ট কার্ড পৌঁছে যাবে অভিভাবকদের কাছে। এর ফলে স্কুলব্যাগে অতিরিক্ত বই-খাতা বহনের চাপও ভবিষ্যতে কমবে বলে আশা করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিম সেন জানান, প্রযুক্তির সঠিক ব্যবহার ও বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে।