ওবিসি কোটায় বড় ধাক্কা! মা-বাবার আয়ের চাপে কি বিপাকে সাধারণ পড়ুয়ারা?
বার্তা ডেস্কঃ
অন্যান্য পিছিয়ে থাকা শ্রেণি বা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত ‘ক্রিমি লেয়ার’ নির্ধারণের আগের নির্দেশেই আপাতত অনড় রইল সুপ্রিম কোর্ট। শুধুমাত্র আয়ের ভিত্তিতে ক্রিমি লেয়ার নির্ধারণ করা যাবে না—গত ১১ মার্চের এই ঐতিহাসিক রায়ের ওপর স্থগিতাদেশ দিতে সরাসরি অস্বীকার করেছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। বিচারপতি পি.এস. নরসিংহ ও আর. মহাদেবনের গঠিত বেঞ্চ সরকারের স্পষ্টীকরণ আবেদন শুনে এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের যুক্তি ছিল, এই নির্দেশ বাস্তবায়িত হলে চলতি ইউপিএসসি ২০২৫ পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, পুরোনো নিয়ম মেনে ইতিমধ্যেই ৯৫৮ জন প্রার্থীর চাকরি বণ্টন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হঠাৎ এই রায় পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর হলে আইএএস ও আইপিএসের মতো গুরুত্বপূর্ণ পদের সম্পূর্ণ মেধা তালিকা এবং প্রশিক্ষণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। তবে সরকারের এই উদ্বেগ শোনার পরেও শীর্ষ আদালত অন্তর্বর্তীকালীন কোনো স্থগিতাদেশ দেয়নি। আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন এই জটিল মামলার চূড়ান্ত আইনি সুরাহা হতে পারে বলে মনে করা হচ্ছে।