জন্মাষ্টমী ২০২৬, গ্রহের বিরল যোগে গোপালের সাজে আনুন সৌভাগ্যের ছোঁয়া!
বার্তা ডেস্কঃ
২০২৬ সালের ৪ সেপ্টেম্বর, শুক্রবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। তবে জন্মাষ্টমীর ঠিক ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ২ সেপ্টেম্বর গ্রহের অবস্থানগত এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সৌন্দর্যের কারক গ্রহ শুক্র কন্যা রাশি থেকে বেরিয়ে স্বরাশি তুলায় প্রবেশ করবে। এই শুভ গ্রহগত পরিবর্তনের কারণে এ বছর বাল গোপালের সাজসজ্জা এবং পোশাকে রঙের নির্বাচনে বিশেষ তাৎপর্য রয়েছে।
শ্রীকৃষ্ণের প্রিয় রং ঐতিহ্যগতভাবেই হলুদ বা ‘পীতাম্বর’। তবে এ বছর শুক্রের তুলা রাশিতে প্রবেশের কারণে সাদার গুরুত্ব বহুগুণ বেড়ে যাচ্ছে। জ্যোতিষ মতে, সাদা রং শুক্রের প্রতীক— যা পবিত্রতা, শান্তি ও সৌন্দর্যের বার্তা বহন করে।
কী ভাবে সাজাবেন নটখটলালকে?
- হলুদ ও সাদার মেলবন্ধন: গোপালকে পুরো সাদা জামা পরানোর প্রয়োজন নেই। হলুদ ধুতির সঙ্গে সাদা বা ক্রিম রঙের উত্তরীয় অথবা সাদা পোশাকের সাথে হলুদ মুকুট ও কোমরবন্ধ ব্যবহার করা যেতে পারে।
- সাদা সাজসজ্জা: পোশাকে সম্পূর্ণ সাদা না থাকলেও মুকুট, পাগড়ি, ছোট মুক্তোর মালা, সাদা জুঁই ফুল এবং রুপোলি বাঁশি দিয়ে গোপালকে সাজানো যেতে পারে। তা ছাড়া কৃষ্ণের প্রিয় ভোগ যেমন— দুধ, দই, মাখন ও মিশ্রির সঙ্গেও সাদার গভীর যোগ রয়েছে।
- অন্যান্য রঙের স্পর্শ: সাদা ও হলুদের পাশাপাশি হালকা গোলাপি, সবুজ, তুলসী পাতা এবং ময়ূরপুচ্ছের সাজও খুব মানানসই হবে।
পারিবারিক প্রথা ও পুজোর কিছু নিয়ম: আপনার ঘরে যদি বহু বছর ধরে নির্দিষ্ট কোনো রঙের পোশাকে গোপালকে সাজানোর পারিবারিক ঐতিহ্য থাকে, তবে তা বদলানোর দরকার নেই। কারণ ভক্তি, পরিচ্ছন্নতা এবং আন্তরিক সেবাই পূজার মূল ভিত্তি। এমনকি জন্মাষ্টমীতে যে নতুন জামাই পরাতে হবে তা-ও বাধ্যতামূলক নয়; পুরোনো পোশাক সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে পরালেও গোপাল সমান প্রসন্ন হন।
জন্মাষ্টমী ২০২৬ তিথির সময়সূচি:
- তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার)।
- অষ্টমী তিথি শুরু: ৪ সেপ্টেম্বর রাত ২:২৫ মিনিটে।
- অষ্টমী তিথি সমাপ্তি: ৫ সেপ্টেম্বর রাত ১২:১৩ মিনিটে।
- প্রধান পুজো: নিশীথকালে (মধ্যরাতে) মূল পুজো সম্পন্ন হবে (স্থানীয় সময় অনুযায়ী কিছুটা পরিবর্তিত হতে পারে)।