বাঁকুড়ায় দুর্যোগের রাতে মর্মান্তিক দুর্ঘটনা, দেওয়াল চাপা পড়ে মৃত দম্পতি!
বার্তা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের বেলদার মর্মান্তিক ঘটনার স্মৃতি টাটকা থাকতেই এ বার বাঁকুড়ার সিমলাপালে ঘটে গেল একই ধরনের দুর্ঘটনা। টানা বৃষ্টির জেরে মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক দম্পতির। মৃতের নাম পালকু বাস্কে (৩৬) ও সোমা বাস্কে (২৫)। মঙ্গলবার রাতে সিমলাপালের কুশতোড়া গ্রামের আদিবাসী পাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নিজের মাটির বাড়িতে ঘুমোচ্ছিলেন ওই দম্পতি। সেই সময় বৃষ্টির প্রভাবে ঘরের দেওয়ালের একটি বড় অংশ তাঁদের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দেওয়াল ভাঙার বিকট শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন এবং ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধার করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিমলাপাল থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দু’জনকে উদ্ধার করে সিমলাপাল ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের ঝালদাতেও একই ভাবে জীর্ণ মাটির বাড়ি ভেঙে পড়ে এক বৃদ্ধ এবং তাঁর ৪৯ বছর বয়সী মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছিল।