সেবাশ্রয় মামলায় রাজ্যকে চরম হুঁশিয়ারি হাইকোর্টের!
বার্তা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের জোড়া নির্মাণ হঠাতে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্থানীয় একটি সরকারি খেলার মাঠ দখল করে বেআইনিভাবে মেডিক্যাল কলেজের আদলে বিশাল পরিকাঠামো গড়ে তোলার অভিযোগে উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
সামাজিক অনুষ্ঠান ও স্কুলের খেলার মাঠ বেআইনিভাবে দখল হওয়ার প্রতিবাদ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন স্থানীয় এক বাসিন্দা। শুনানি চলাকালীন রাজ্য প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলে আদালত জানতে চায়, রাজ্য নিজে থেকে এই বেআইনি নির্মাণ ভাঙবে, নাকি পুলিশ পাঠিয়ে তা ভেঙে দেওয়ার নির্দেশ দিতে হবে? এই পরিস্থিতিতে অবিলম্বে ফলতার ওই দুটি কাঠামো সরিয়ে ফেলার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে।
সম্প্রতি বিষ্ণুপুর ও রবীন্দ্র নগরের ‘সেবাশ্রয়’ সংক্রান্ত তিনটি মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে নতুন এই নির্দেশ ডায়মন্ড হারবারের রাজনৈতিক পারদ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল।
জনস্বার্থ মামলায় অভিযোগ তোলা হয়েছে যে, ‘সেবাশ্রয়’ শিবিরের নামে দুর্নীতির ছক সাজিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছে। যোগ্য অ্যালোপ্যাথি চিকিৎসকের অনুপস্থিতিতে হাতুড়ে ও হোমিওপ্যাথি ডাক্তারদের দিয়ে আধুনিক চিকিৎসা চালানো হচ্ছে বলে দাবি। পাশাপাশি, বিধি ভেঙে আধুনিক সরঞ্জাম ব্যবহার, চিকিৎসায় গাফিলতি এবং জোর করে বাইরে থেকে লোক এনে ভিড় বাড়িয়ে প্রচার করার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে।