গৌরাঙ্গ সেতু থেকে নদীতে ঝাঁপ, যুবকের সন্ধানে মরিয়া তল্লাশি!

বার্তা ডেস্কঃ

নদীয়া: নদীয়ার নবদ্বীপে গৌরাঙ্গ সেতুতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বুধবার সকাল ১০টা নাগাদ হঠাৎই এক যুবক সাইকেল থেকে নেমে নদী পারের দিকে এগিয়ে যান এবং আচমকা সেতু থেকে নিচে ঝাঁপ দেন।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশ। তবে পুলিশ সেখানে পৌঁছানোর পর সেতুতে কেবল একটি পরিত্যক্ত সাইকেল দেখতে পায়, কোনো ব্যক্তির চিহ্ন মেলেনি। ফলে আদৌ কেউ ঝাঁপ দিয়েছেন নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়।

ঘটনার খবর পেয়েই স্পটে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দফতর। কুইক রেসপন্স টিমের প্রধান অভিষেক বৈষ্ণবের নেতৃত্বে স্পিডবোট এবং ডুবুরি নামিয়ে ভাগীরথী নদীতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।

এই বিষয়ে পুলিশ আধিকারিক অভিষেক বৈষ্ণব জানান, “খবর পাওয়া মাত্রই আমরা সেতুতে পৌঁছাই। স্থানীয়রা জানিয়েছেন সাইকেলটি এলাকার কারও নয়। তবে কেউ সত্যিই ঝাঁপ দিয়েছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তা সত্ত্বেও আমরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।”

এই ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *