মন্ত্রিসভায় বড় রদবদল, আসছে একঝাঁক নতুন মুখ!
বার্তা ডেস্কঃ
বিজেপির নতুন সাংগঠনিক দল গঠনের পর থেকেই নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদল নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। ২০২৭ সালের বিধানসভা এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই পরিবর্তন আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। বর্তমান মন্ত্রিসভায় ১২টি পদ শূন্য রয়েছে এবং ৬৯ জন মন্ত্রী দায়িত্ব সামলাচ্ছেন। একাধিক মন্ত্রকের দায়িত্বে থাকা প্রবীণ মন্ত্রীদের কাজের পরিধি কমানোর পাশাপাশি বেশ কয়েকজন তরুণ মুখকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। মন্ত্রীদের কাজের মূল্যায়নের ওপর ভিত্তি করেই এই সম্ভাব্য রদবদল হতে চলেছে বলে খবর।
আসন্ন সেপ্টেম্বর বা অক্টোবরের যেকোনো সময়েই এই মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রহ্লাদ যোশীর হাতে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও, এত বড় মন্ত্রকে স্থায়ী পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া নীতিন গড়করির মতো সিনিয়র মন্ত্রীদের দায়িত্বে পরিবর্তন এবং অশ্বিনী বৈষ্ণবের পদোন্নতির গুঞ্জনও শোনা যাচ্ছে। দলীয় সূত্রে খবর, ১৬ থেকে ১৭ জন নতুন মুখকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে এবং এনডিএ-র শরিক দলগুলিকেও যথাযথ প্রতিনিধিত্ব দেওয়া হতে পারে।