চাঁদা চুরি বিতর্কের পর বড় বদল, অযোধ্যা রাম মন্দিরের নতুন CEO কে?
বার্তা ডেস্কঃ
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রথম প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও চাঁদা চুরি নিয়ে সাম্প্রতিক বিতর্কের পর ট্রাস্টের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও পেশাদার করতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিইও পদের জন্য জমা পড়া সাড়ে পাঁচ হাজারের বেশি আবেদন থেকে তিন সদস্যের সার্চ কমিটি একটি প্যানেল তৈরি করে, যেখান থেকে তাঁকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়।
২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করা জিতেন্দ্র মিশ্র তাঁর দীর্ঘ সামরিক জীবনে অসংখ্য গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। সর্বোত্তম যুদ্ধ সেবা মেডেলসহ একাধিক পদকে ভূষিত এই অভিজ্ঞ আধিকারিক এখন রাম মন্দিরের দৈনন্দিন কাজকর্ম, কোষাগার, নিরাপত্তা ব্যবস্থা এবং ভক্তদের সুযোগ-সুবিধার বিষয়টি পরিচালনা করবেন। তাঁর সুশৃঙ্খল প্রশাসনিক অভিজ্ঞতা ট্রাস্টের কাজকে আরও সুসংগঠিত করবে বলে মনে করা হচ্ছে।