ডেঙ্গি রুখতে কড়া স্বাস্থ্য ভবন, বিনামূল্যে রক্তপরীক্ষা ও বাড়ি বাড়ি নজরদারির নির্দেশ!
বার্তা ডেস্কঃ
মুখ্যমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠকের ঠিক ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে ডেঙ্গি ও ম্যালেরিয়া মোকাবিলায় কঠোর নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। বুধবার প্রকাশিত এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, পুরসভা থেকে শুরু করে গ্রাম ও মফস্সল অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে জ্বরের রোগীর খোঁজ চালাবেন আশাকর্মীরা। ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে জ্বর থাকলে সংশ্লিষ্ট রোগীর বাধ্যতামূলক রক্তপরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে এলিসা পরীক্ষার সুব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের। সরকারি পরিকাঠামো না থাকলে প্রয়োজনে বেসরকারি ল্যাব বা স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় নিখরচায় অথবা কম খরচে পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৫ অক্টোবর পর্যন্ত ব্যাপক প্রচার চালানোর পাশাপাশি নির্দিষ্ট ‘হটস্পট’ বা প্রাদুর্ভাবযুক্ত এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ‘ফিভার ক্যাম্প’ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসা শিবিরগুলিতে চিকিৎসক ও নার্সদের উপস্থিতির পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণের কথা বলা হয়েছে। এছাড়া, প্লেটলেট কমে যাওয়ার মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা এবং প্রতিদিনের পরীক্ষার রিপোর্ট স্বাস্থ্য ভবনে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। গত বছর এই সময়ে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও চলতি বছরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। তবে নভেম্বর মাস পর্যন্ত ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সর্বস্তরে বাড়তি সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।