ট্যাঙ্কের জলে মরা পাখি! তোলপাড় ক্যানিংয়ের স্কুলে

বার্তা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং সার্কলের গলাডহরা কুসুমমণি এফপি স্কুলের পানীয় জলের ট্যাঙ্কে একটি মরা পাখি ভেসে থাকার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার এই ভয়াবহ তথ্য সামনে আসার পর থেকেই এলাকার সাধারণ মানুষ ও অভিভাবকেরা একজোট হয়ে স্কুল চত্বরে তীব্র বিক্ষোভ শুরু করেন। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে ওই পচা ও পোকা ধরা জলের ট্যাঙ্ক থেকেই শিশুদের পানের জল সরবরাহ করা হচ্ছিল এবং তা দিয়েই মিড-ডে মিলের রান্না করা হচ্ছিল। ঘটনার জেরে আতঙ্কিত পড়ুয়ারা তৎক্ষণাৎ মিড-ডে মিল খাওয়া বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে মাত্র তিন জন শিক্ষক রয়েছেন, যার মধ্যে প্রধানশিক্ষক দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর অনুপস্থিতিতে অস্থায়ী শিক্ষক হিসেবে কর্মরত প্রধানশিক্ষকের স্ত্রী স্কুলের সমস্ত বিষয় দেখাশোনা করেন। পানীয় জলের এমন গুরুতর ও বিপজ্জনক গাফিলতির বিষয়টি স্বীকার করে নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এদিকে শিশুদের স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এই দায়িত্বহীনতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *