হাঁসফাঁস অবস্থা নিম্নবঙ্গে! ডিভিসির জল ছাড়ায় ভাসছে কোন কোন এলাকা?
বার্তা ডেস্কঃ
মাইথন ও পাঞ্চেত জলাধারে ক্রমাগত জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকে অতিরিক্ত জল আসায় বড় সিদ্ধান্ত নিয়েছে দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি (DVRRC)। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মাইথন জলাধার থেকে ৫৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৬৫ হাজার কিউসেক—অর্থাৎ মোট ১ লক্ষ ২০ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে। ক্যাচমেন্ট এলাকায় অতিবৃষ্টির চাপ সামলাতে এবং জলাধারের নিরাপত্তা বজায় রাখতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
একসঙ্গে এত বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে নিম্ন অববাহিকার জেলাগুলিতে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দফতর, জেলা প্রশাসন এবং আসানসোলের প্রশাসনকে আগাম সতর্কবার্তা পাঠানো হয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়ে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখা হচ্ছে।