শিক্ষক দিবসের আগেই এলাহি কাণ্ড, জলপাইগুড়ির স্কুলে ১০০ কেজি মাংসের মহাভোজ!
বার্তা ডেস্কঃ
September 4, 202612:33 pm
আসন্ন শিক্ষক দিবসের প্রাক্-উদযাপনে এক অনন্য উদ্যোগ নিল জলপাইগুড়ির সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়। শিক্ষক দিবস শনিবার হওয়ায় এ বছর অনুষ্ঠান দু’দিন এগিয়ে এনে বুধবার বিদ্যালয়ের প্রায় বারোশো ছাত্রীর জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মেনুতে ছিল গরম ভাতের সঙ্গে ১০০ কেজি মাংস, যা রান্না করতে রাঁধুনিরা ভোর ছ’টায় হেঁশেলে নেমে পড়েন। সকাল ন’টার মধ্যেই রান্না শেষ হলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা নিজ হাতে ছাত্রীদের খাবার পরিবেশন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে জানান, প্রতি বছরই শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকে এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। মেঘলা আকাশ ও ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে পাত পেড়ে গরম ভাত-মাংস খেয়ে অত্যন্ত খুশি হয়েছে খুদে ছাত্রীরা। পড়াশোনার পাশাপাশি এমন আনন্দদায়ক আয়োজনে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরাও।