মাতৃভাষার টানে অভূতপূর্ব উদ্যোগ, স্কুলে ১ লক্ষ টাকা দান প্রাক্তন শিক্ষিকার!
বার্তা ডেস্কঃ
September 4, 202612:33 pm
পূর্ব বর্ধমানের আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা কল্যাণী বন্দ্যোপাধ্যায় মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা থেকে এক অনন্য ও অনুকরণীয় উদ্যোগ গ্রহণ করেছেন। স্কুল ও ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে তিনি নিজের জমানো ১ লক্ষ টাকা বিদ্যালয় তহবিলে দান করেছেন। তাঁর এই মহৎ দানের অর্থ ব্যাঙ্কে নির্দিষ্ট আমানত হিসেবে রাখা হবে এবং সেখান থেকে প্রাপ্ত বার্ষিক লভ্যাংশ দিয়ে একটি বিশেষ শিক্ষাবৃত্তি বা স্কলারশিপ চালু করা হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থী বাংলা বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করবে, তাদের হাতে এই স্কলারশিপের অর্থ তুলে দেওয়া হবে। এর ফলে নতুন প্রজন্মের পড়ুয়ারা বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় আরও বেশি উৎসাহিত হবে বলে মনে করছেন সকলে। দীর্ঘ সময় এই বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করা প্রবীণ শিক্ষিকার এমন জনকল্যাণমূলক উদ্যোগে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ স্কুল কর্তৃপক্ষ ও বর্তমান পড়ুয়ারা।