৫ কোটির বিনিময়ে ধামাচাপা ধর্ষণ মামলা! পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ঘিরে তুঙ্গে বিতর্ক
বার্তা ডেস্কঃ
September 4, 202612:33 pm
ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে ওঠা ধর্ষণের মামলা ৫ কোটি টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের স্ত্রীর বিরুদ্ধে। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী একটি অডিও ক্লিপ প্রকাশ করে দাবি করেছেন, প্রভাব খাটিয়ে ফৌজদারি ও ধর্ষণের মামলা নিষ্পত্তি করার একটি চক্র সক্রিয় রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই চাঞ্চল্যকর অভিযোগে রাজনৈতিক মহলে তীব্র তোলপাড় শুরু হয়েছে। বিজেপির প্রশ্ন, মুখ্যমন্ত্রীর বাসভবনেই কি চলত এই আর্থিক লেনদেন? অরবিন্দ কেজরিওয়ালকেও কি এর ভাগ দেওয়া হতো? যদিও আপ নেতৃত্ব সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও সাজানো বলে উড়িয়ে দিয়ে পালটা দাবি করেছে, অভিযুক্তের সঙ্গে বিজেপিরই ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
এই ঘটনার জেরে ইতিমধ্যেই রাজ্যপালের সঙ্গে দেখা করে পুরো বিষয়টির সিবিআই তদন্তের জোরালো দাবি জানিয়েছে শিরোমণি অকালি দল। পাশাপাশি, জাতীয় মানবাধিকার কমিশনও মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে নোটিস পাঠিয়েছে। তবে এত বড় গুরুতর অভিযোগের পরেও আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ভোটমুখী পাঞ্জাবে এই বিতর্ক কীভাবে নির্বাচনী সমীকরণকে প্রভাবিত করে, এখন সেটাই দেখার।