মহালয়ায় ইডেনে পুজোর মেগা শো, হাজির থাকবেন মোদী!

বার্তা ডেস্কঃ

রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে এই প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। বিগত সরকারের আমলেও পুজোর শেষে কার্নিভাল অন্যতম বড় আকর্ষণ থাকলেও, এ বার দুর্গাপুজোর প্রারম্ভেই একটি ধামাকা অনুষ্ঠানের পরিকল্পনা করেছে সরকার।

ইডেনে মহালয়ার মেগা অনুষ্ঠান: সূত্রের খবর, আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে এক জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই মেগা শো-তে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজ্য সরকারের তরফ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়া মহালয়ার দিন কলকাতার বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো উদ্বোধনেও তাঁর থাকার সম্ভাবনা রয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল)-এর সঙ্গেও যোগাযোগ শুরু করেছেন আয়োজকরা।

বিশ্বমঞ্চে বাংলার পুজো: ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়া কলকাতার দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে আরও বড় পরিসরে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শুধু বিসর্জনের কার্নিভালের মধ্যে উৎসবের প্রচার সীমাবদ্ধ না রেখে, মহালয়ার দিন থেকেই বাংলার পুজোর আবহকে জাতীয় ও আন্তর্জাতিক দর্শকের সামনে নিয়ে আসতে চাইছে নবান্ন। বাংলার দেবীর আগমনী গান, লোকসংস্কৃতি, ঢাকের বাদ্যি এবং ধুনুচি নাচের মতো ঐতিহ্যবাহী শিল্পধারা এই মঞ্চে ফুটিয়ে তোলার পরিকল্পনা চলছে।

সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক: পুজোকে কেন্দ্র করে রাজ্যের পরিকল্পনা এবং সার্বিক রূপরেখা চূড়ান্ত করতে আগামী সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকেই উৎসবের সম্পূর্ণ পরিকল্পনাটি স্পষ্টভাবে তুলে ধরা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *