ফুটবল কুড়াতে গিয়েই শেষ রক্ষা হলো না, ঝিলে তলিয়ে প্রাণ গেল কিশোরের!
বার্তা ডেস্কঃ
পূর্ব মেদিনীপুরের মহিষাদলে বন্ধুদের সঙ্গে ফুটবল অনুশীলন করার সময় এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে গেছে। খেলার মাঝে বলটি আচমকা রাজ গ্রাউন্ডের ঝিলে পড়ে গেলে, তা কুড়াতে গিয়ে জলে তলিয়ে যায় নবম শ্রেণির ছাত্র রোহন মাইতি (১৫)। চণ্ডীপুরের বাসিন্দা এবং পরিবারের একমাত্র সন্তান রোহনকে এভাবে হঠাৎ ডুবতে দেখে তার সঙ্গীরা আতঙ্কিত হয়ে দ্রুত স্থানীয়দের খবর দেয়। প্রাথমিক পর্যায়ে স্থানীয় বাসিন্দারা জালে ফেলে তল্লাশি চালালেও কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি, ফলে এলাকায় মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সিভিল ডিফেন্স, ডুবুরি দল ও স্পিডবোট নামিয়ে রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। দীর্ঘ চেষ্টার পর শুক্রবার সকাল ৯টা নাগাদ ঝিল থেকে রোহনের অচেতন দেহ উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিডিও, এসডিপিও সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে।