নারীদের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য, কাঠগড়ায় কেরলের মুখ্যমন্ত্রী!
বার্তা ডেস্কঃ
নারীদের গৃহবন্দি থাকা এবং প্রকাশ্যে না আসার স্বপক্ষে বক্তব্য রেখেছিলেন কেরলের বর্ষীয়ান মুসলিম ধর্মগুরু তথা দেশের অন্যতম গ্র্যান্ড মুফতি কন্ঠপুরম এপি আবুবকর মুসলিয়ার। তাঁর এই বক্তব্যকে একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে ‘অনগ্রসর ও প্রগতিবিরোধী’ বলে প্রকাশ্যে সমালোচনা করেন কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। হযরত মহম্মদের স্ত্রীদের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, নারীদের স্বাধীনভাবে সমাজের সর্বস্তরে অংশগ্রহণ করা উচিত। তবে ক্ষমতায় আসার মাত্র চার মাসের মধ্যে মুখ্যমন্ত্রীর এই স্পষ্ট মন্তব্য তাঁকে এক বড় রাজনৈতিক টানাপোড়েনের মুখে ফেলে দিয়েছে।
মুখ্যমন্ত্রীর এই প্রগতিশীল অবস্থানের প্রশংসা অনেকে করলেও কেরলের একাধিক প্রভাবশালী মুসলিম সংগঠন এর তীব্র বিরোধিতা শুরু করেছে। রাজ্যের সবচেয়ে বড় মুসলিম সংগঠন ‘সমস্ত কেরল জামেয়াতুল উলেমা’-র প্রধান জিফ্রি মুথুকয়া থাঙ্গাল সাফ জানিয়ে দেন, শরিয়ত চিরন্তন এবং দায়িত্বশীল পদে থেকে ধর্মীয় বিষয়ে এমন মন্তব্য করা অনুচিত। এই ঘটনার পর কেরলের মুসলিম সমাজের একটি বড় অংশের মধ্যে প্রবল ক্ষোভ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি সংখ্যালঘু ধর্মগুরুদের নিয়ে ড্যামেজ কন্ট্রোল বৈঠকে বসলেও সমস্যার সমাধান কতটা হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় রয়েই গেছে।