সন্তানকে নিয়ে ২৮ কিমি হাঁটা! এক বাবার অসীম ভালোবাসার গল্পে ভাসছে নেটদুনিয়া
বার্তা ডেস্কঃ
ঈশ্বরভক্তির সঙ্গে সন্তান স্নেহের এক অভূতপূর্ব মেলবন্ধন সৃষ্টি হলো চাকলার লোকনাথধামে। দত্তপুকুরের বাসিন্দা সৌরভ বিশ্বাস তাঁর প্রথম সন্তান গর্ভে আসার সময়ই মানত করেছিলেন লোকনাথ বাবার কাছে। সেই কথা রাখতেই লাল-নীল টুনি আলোয় সাজানো বাঁকের ঝুড়িতে ছয় মাসের দুধের শিশুকে বসিয়ে প্রায় ২৮ কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে চাকলাধামের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সামাজিক মাধ্যমে এই আবেগঘন দৃশ্য ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তাঁকে রামায়ণের শ্রবণ কুমারের সঙ্গে তুলনা করছেন এবং তাঁর পিতৃস্নেহ ও ভক্তির ভূয়সী প্রশংসা করছেন।
চলতি বছর জন্মাষ্টমী উপলক্ষে চাকলা ও কচুয়া লোকনাথধামে ভক্তদের বিপুল সমাগমের সম্ভাবনা রয়েছে। লক্ষাধিক পুণ্যার্থীর সুশৃঙ্খল দর্শন নিশ্চিত করতে ইতিমধ্যেই তোরণ ও ব্যানারে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরমুখী রাস্তাগুলো। বারাসাত পুলিশ জেলার সুপার জে মার্সি নিজে চাকলা মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন। বড় ধরনের ভিড় সামলাতে, যান চলাচল স্বাভাবিক রাখতে এবং পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতে পুলিশ প্রশাসন ও মন্দির কমিটি যৌথভাবে কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।