যাদবপুরে মধ্যরাতে তুলকালাম, প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত ২ বিজেপি কর্মী!
বার্তা ডেস্কঃ
যাদবপুর: এলাকায় অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সরব হওয়ায় মধ্যরাতে অতর্কিত হামলার শিকার হলেন দুই বিজেপি কর্মী। শুক্রবার গভীর রাতে যাদবপুর থানার অন্তর্গত লালকা মাঠ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন সৌম্যদীপ সাহা ও রাতুল মণ্ডল নামের দুই বিজেপি যুব মোর্চা নেতা। অভিযোগের তির উঠেছে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে আড়াইটে নাগাদ বাইরে বেরিয়ে লালকা মাঠের কাছে এক যুগলকে তীব্র বচসায় জড়াতে দেখেন বিজেপি কর্মী সৌম্যদীপ সাহা। তিনি লোকালয়ে ঝামেলা না করে অন্য কোথাও গিয়ে কথা বলার অনুরোধ জানালে, আচমকাই কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। অভিযোগ, আধলা ইট দিয়ে সজোরে তাঁর মুখে আঘাত করা হয়, যার ফলে মুখ ফেটে গুরুতর আহত হন তিনি।
হামলার শিকার হয়ে সৌম্যদীপ তাঁর দলীয় সহকর্মীদের ডেকে পাঠান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও রক্তক্ষয়ী সংঘর্ষের পরিবেশ তৈরি হয়। এই সংঘর্ষে ইটের আঘাতে মাথা ও চোখ ফেটে মারাত্মকভাবে আহত হন বিজেপি যুব মোর্চার এক সাধারণ সম্পাদক। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই নেতাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, লালকা মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি কাজকর্ম ও নেশার আসর বসছিল। এই অন্যায়ের বিরোধিতা করার কারণেই রাজনৈতিক আক্রোশ থেকে তৃণমূলের দুষ্কৃতীরা এই রক্তক্ষয়ী হামলা চালিয়েছে। ঘটনার বিবরণ দিয়ে শনিবার যাদবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা।
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের পালটা দাবি, এই ঘটনার সঙ্গে দলীয় রাজনীতির কোনও যোগ নেই। এটি পুরোপুরি স্থানীয় একটি সাধারণ ঝামেলা, যা থেকে রাজনৈতিক সুবিধা আদায় করতে জোর করে বিজেপির দলীয় রঙ চড়ানোর চেষ্টা করছে। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।