ট্রেন বন্ধ? উত্তরবঙ্গবাসীর ভরসা এখন বিশেষ বাস!
বার্তা ডেস্কঃ
নিউ ফারাক্কায় রেললাইনে ধস ও মাটি বসে যাওয়ার কারণে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ সচল রাখতে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য পরিবহন দফতর। রেল পরিষেবা বিঘ্নিত হওয়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি এশিয়ে বিকল্প হিসেবে কলকাতা-শিলিগুড়ি রুটে একগুচ্ছ অতিরিক্ত বাস পরিষেবা চালুর ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে এই বিশেষ বাস পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পর্যটক মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষের উপস্থিতিতে এবং রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন রুটে বাস সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। কলকাতা ও শিলিগুড়ির মধ্যে একাধিক অতিরিক্ত বাস ছাড়াও দুর্গাপুর-বালুরঘাট, কলকাতা-বালুরঘাট এবং মালদহ-কলকাতা রুটেও বিশেষ বাস চলাচল করছে। এর পাশাপাশি কলকাতার নিউ এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির এনজিপি টার্মিনাস পর্যন্ত বেশ কয়েকটি স্পেশাল বাস চালানোর ব্যবস্থা করা হয়েছে। এই বাসগুলি প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, রাত ৮টা ৩০ মিনিট, রাত ৯টা এবং রাত ৯টা ৩০ মিনিটে নির্দিষ্ট টার্মিনাস থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।