‘ত্রুটিহীন বিয়ে’ না হলেও চলবে বধূ নির্যাতনের মামলা, কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ!

বার্তা ডেস্কঃ

আইনগতভাবে ‘ত্রুটিহীন’ বা বৈধ বিয়ে না থাকলেও ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ (IPC 498A) ধারায় বধূ নির্যাতনের মামলা দায়ের ও বিচার করা যাবে। সম্প্রতি এক ফৌজদারি মামলায় এমনই যুগান্তকারী রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি উদয়কুমারের পর্যবেক্ষণ, প্রাথমিক তথ্যপ্রমাণে যদি অভিযুক্ত ও অভিযোগকারীর মধ্যে ‘বিয়ের মতো’ ঘরোয়া সম্পর্ক এবং নিষ্ঠুরতার ইঙ্গিত মেলে, তবে শুধু বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সম্পূর্ণ ফৌজদারি প্রক্রিয়া বন্ধ করা যায় না।

মামলাটির সূত্রপাত এস কে আজহারউদ্দিন ওরফে আকাশ নামে এক ব্যক্তির আবেদনের ওপর ভিত্তি করে। অভিযোগকারী জয়া রায় ওরফে কোয়েল বেগমের দাবি ছিল, ২০১৯ সালে তাঁকে প্রতারিত করে, নাম ও ধর্ম গোপন রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্কে জড়ান অভিযুক্ত আকাশ। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে নিষ্ঠুরতা, প্রতারণা ও তোলাবাজির অভিযোগে মামলা দায়ের হয়। ওই চার্জশিট খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। তবে জাস্টিস উদয়কুমার নিম্ন আদালতের বিচারাধীন মামলা খারিজ করতে অস্বীকার করেন এবং জানান, এই ধরনের মামলায় বিচার প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই চলবে। আইনের এই কড়া অবস্থান ভবিষ্যতে সমগোত্রীয় একাধিক মামলার ক্ষেত্রে নজির সৃষ্টি করবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *