শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ, শেষ পর্যন্ত কী হতে চলেছে?
বার্তা ডেস্কঃ
শিক্ষক দিবসের মঞ্চ থেকে রাজ্যজুড়ে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহারের ওপর বড়সড় নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্মার্টফোন ব্যবহারে লাগাম টানতে বা পুরোপুরি নিষিদ্ধ করতে সরকার একটি কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, গভীর রাত পর্যন্ত মোবাইলের অতিরিক্ত ব্যবহারের ফলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। অভিভাবকদের অজান্তে মাঝরাত পর্যন্ত ফোন ঘাঁটার এই অভ্যাসে ব্যাহত হচ্ছে পড়াশোনার পরিবেশ। শিক্ষাব্যবস্থার মান উন্নত করতে এই সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নিলে রাজনৈতিকভাবে ভোটের ওপর প্রভাব পড়তে পারে জেনেও সামাজিক স্বার্থে কঠোর নিয়ম চালু করা জরুরি।
বক্তব্যে গুজরাটের প্রসঙ্গ টেনে আনা হয়, যেখানে শিশুদের সোশ্যাল মিডিয়া ও মোবাইল আসক্তি কমাতে নির্দেশিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২৫ সালের শুরুর দিকে গুজরাত সরকার চিলড্রেন্স ইউনিভার্সিটি ও মনোবিদদের নিয়ে একটি বিশেষ সমীক্ষা চালায়। সেই রিপোর্ট জমা পড়ার পর থেকে সেখানে শিক্ষার্থীদের স্ক্রিন টাইম কমানোর নীতি চূড়ান্ত করার কাজ চলছে। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই এবার বাংলাতেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।